অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। প্লেট পর্বের শেষ চারে যাওয়ার লড়াইয়ে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে ফাহিম হাসানের দল।
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল হচ্ছে এইট-এ সাইড। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা হয়। এদিন ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন বায়েজিদ। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে। এরপর পাভেল ২৪ ও ৩৬ মিনিটে দুটি গোল করেন৷ আর দলের হয়ে শেষ গোলটি করেন শাবক। ম্যাচটি শেষ হয় ৪-০ গোল ব্যবধানে।
আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে ‘ই’ টায়ারের নক আউট পর্ব চলছে। সেখানে বাংলাদেশ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ফিফা ছয় টায়ারে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189025