মিরপুরে না থাকলেও সিলেট টেস্টে খেলবেন মুশফিক
স্পোর্টস ডেস্ক : চোটের জন্য মিরপুর টেস্টে খেলছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে বল লাগে মুশফিকের। ব্যথায় কাতরে সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। প্রায় আধা ঘণ্টা মিরপুরের একাডেমি মাঠে শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।
গতকাল মুশফিক আর ব্যাটিং করেননি। তবে এক্স-রেতে গুরুতর কিছু না পাওয়ায় তার খেলার সম্ভাবনা ছিল। কিন্তু আজ সকাল অবধি আঙুলের যথেষ্ট উন্নতি না হওয়ায় তাকে আর একাদশে রাখা হয়নি।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’
আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188899