১১ হাজার রানের মাইলফলকে মুমিনুল
স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটি পুরোপুরি বাংলাদেশের হলো না। মধ্যাহ্ন বিরতির আগে ২ উইকেটে ৯৬ রান তুলে স্বাগতিকরা। আউট হয়ে গেছেন ওপেনার তানজিদ হাসান তামিম এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছোঁয়া অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।
আজ বুধবার সকালে মিরপুর শেরেবাংলায় নতুন বল হাতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসারই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করছিলেন। সাফল্য পেতেও দেরি হয়নি। জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তানজিদ (৭)। এরপরই বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইফলক পেরিয়ে যান মুমিনুল। দ্বিতীয় উইকেটে ওপেনার সাদমান ইসলামের সঙ্গে গড়েন ৮৮ বলে ৫৯ রানের জুটি।
বড় স্কোরের স্বপ্ন দেখানো মুমিনুল এদিন থেমে যান ২৮ রান করে। জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি। ধরা পড়েন মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188895