হাড্ডাহাড্ডি লড়াই, ইসরায়েলে কোনো দলই পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

হাড্ডাহাড্ডি লড়াই, ইসরায়েলে কোনো দলই পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

আন্তর্জতিক ডেস্ক : ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষেরই স্পষ্ট জয় নিশ্চিত হয়নি। বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং প্রধান ইহুদি নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দুই পক্ষই ৫১টি করে আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত বুথফেরত জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

জরিপের পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে। চার বছর আগের নির্বাচনের তুলনায় এটি তাদের ভালো ফল। ফলে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ। প্রায় ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

এদিকে, ইসরায়েলের আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর নেতারা নেতানিয়াহুর বিরুদ্ধে ঘৃণা উসকে দেয়ার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, দেশটির ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে নির্বাচনে নিজের জয়ের সম্ভাবনা বাড়ানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। বুথফেরত জরিপের এই পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে চূড়ান্ত ফল প্রকাশের পরই নির্বাচনের প্রকৃত চিত্র এবং পরবর্তী রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188894