অচিরেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে : ট্রাম্প

অচিরেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটি থেকে এক লাখ নয়, ১০ লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাংকার দেখিয়ে ভেনেজুয়েলার সঙ্গে করা তেল চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি বিজয় বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রায় নয় মাস পর দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের তেল চুক্তি নিয়ে বক্তব্য দেন তিনি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একদিন সমৃদ্ধ দেশে পরিণত হবে। এমনকি অদূর ভবিষ্যতে দেশটি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যও হতে পারে। তার ভাষায়, এমন সম্ভাবনা রয়েছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে করা চুক্তির আওতায় বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্র পাবে বলে দাবি করেছেন ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী, এর পরিমাণ হতে পারে কয়েকশ’ কোটি ব্যারেল। টেক্সাসের উপকূলে থাকা একটি জাহাজের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এতে ১০ লাখ ব্যারেল তেল রয়েছে। মার্কিন করদাতাদের কোনো খরচ ছাড়াই এই তেল যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা ইতিহাসের সবচেয়ে বড় তেল বিজয় উদ্যাপন করছি।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আলাস্কা থেকে ভেনেজুয়েলা পর্যন্ত জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের মাধ্যমে পশ্চিম গোলার্ধকে বিশ্বের জ্বালানি রাজধানীতে পরিণত করেছেন তিনি। 

তবে এই চুক্তি নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণের বিষয়ে ট্রাম্প প্রশাসন যথেষ্ট উদ্যোগ নেয়নি। গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে মাদুরো আটক হওয়ার পর থেকে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার পর দেশটিতে জ্বালানির দাম বেড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম শিগগিরই দ্রুত কমে আসবে। তবে চুক্তিটির বাস্তব প্রভাব এবং ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188889