রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।
বড় দরগাহ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দিলে কোচটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর ২ জনের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় দরগাহ হাইওয়ে পুলিশ নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি।
বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188884