২ উইকেট হারিয়ে ৯৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। তবে শাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত লাঞ্চের আগে দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন মুমিনুল। ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান।
সেট হওয়ার চেষ্টা করেও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক। ৫১ বল মোকাবিলা করে ২৮ রান করে জোমেল ওয়ারিকানের বলে শামার জোসেফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাঁর বিদায়ে শাদমান ইসলামের সাথে গড়া জুটিটি ভেঙে যায়।
লাঞ্চ বিরতিতে শাদমান ইসলাম ৪২ রান নিয়ে অপরাজিত আছেন। তার সাথে ১৫ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৯ রানে বিদায় নেন এই ওপেনার। ২৩ বল খেলে তাঁর সংগ্রহ ৭ রান। জাইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে শরীর থেকে দূরে ব্যাট চালাতে গিয়ে দ্বিতীয় স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন তানজিদ। শট নির্বাচনে ভুলের খেসারত দিতে হয় তাকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্যে পয়েন্টের শতাংশ বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য সামনে রেখেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত। তবে শুরুতেই উইকেট হারানোর পর এখন বড় সংগ্রহ গড়ার দিকে নজর দিতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ : শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদ : জোনাথন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রস্টোন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জাইডেন সিলস।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188883