বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় দুই যুবকের জেল ও জরিমানা

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় দুই যুবকের জেল ও জরিমানা

কোর্ট রিপোর্টার : বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত দুই আসামিকে মেয়াদি কারাদন্ড ও জরিমানা এবং অনাদায়ে আরো কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায়ে গাবতলী উপজেলার রামেশ্বরপুর তেজোপাড়ার মৃত মজিবর রহমান মজি পাইকারের ছেলে অভিযুক্ত আব্দুল করিমকে (২৭) সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং রবিউল ইসলামের ছেলে অভিযুক্ত সজিব পাইকারকে (২৬) পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এএসএম তাসকিনুল হক আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) এই মামলার রায় দেন। উল্লেখ্য, সৌদি প্রবাসীর স্ত্রী তার মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। ওই সাজপ্রাপ্ত আসামিরা-আব্দুল করিম এবং সজিব পাইকার মাঝেমধ্যে ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল।

প্রবাসীর স্ত্রী নিষেধ করায় আসামিরা ওই গৃবধূর ওপর ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করে। এসময় তারা হত্যার ভয় দেখিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে অশ্লীল ছবি তোলে এবং ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়।

আসামিরা ওই ছবি এডিট করে ওই গৃহবধূর স্বামীর কাছে মোবাইল ফোনে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে ওই প্রবাসীর স্ত্রী বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন, বাদি রাষ্ট্রপক্ষে ওই ট্রাইব্যুনালের পিপি এড. মোজাম্মেল হক এবং আসামি পক্ষে এড. আব্দুল মান্নাফ ও এড. সৈয়দ জহুরুল আলম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188850