নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনবিহীন চিপস্ কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনবিহীন চিপস্ কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস্ তৈরি কারখানায় অভিযান চালিয়ে মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের উপকন্ঠে ওয়াপদা মোড় এলাকায় অবস্থিত আলমগীর চিপস্ কারখানায় মালিকের ওই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌণে তিনটায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে শহরের ওয়াপদা মোড় এলাকায় অবস্থিত আলমগীর চিপস কারখানায় এক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই চিপস্ কারখানায় অনুমোদন বা লাইসেন্স ছাড়াই অননুমোদিত রঙ এবং শিল্প লবণ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকাতে দেখা যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লিখিত কারণে কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকলিমা।

অভিযানকালে নিষিদ্ধ রঙ ও শিল্প লবণ ধ্বংস করা হয় এবং আগামী ১৫ দিনের সকল নিয়মনীতি মেনে কারখানা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি ও কোষাধ্যক্ষ এবং সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188848