লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই লালমনিরহাট সদর উপজেলাদয় প্রতিবেশী আলমগীর হোসেন পাঁচ বছরের ওই শিশুকে চকলেটের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে বিস্তারিত জানায়। পরে গুরুতর অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করেন।

ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত এদিন রায় দেন। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. লুৎফর রহমান বলেন, এটি একটি লোমহর্ষক ঘটনা এবং রায়ে ন্যায়বিচার পেয়েছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188846