কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বিদ্যাকানন স্কুলের সামনে নাইটকোচের ধাক্কায় অটোরিকশায় থাকা মনিকা মালী(৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
এসময় অটোরিকশা চালক মোজাম্মেল হকসহ(৩৫) নিহত শিশুর বাবা অনন্ত মালী(৩০) ও মা আদুরী বালা(২৫) আহত হন। ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অনন্ত মালী ও আদুরী বালাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, অটোরিকশাটি লালমনিরহাটের বড়বাড়ী থেকে কুড়িগ্রামের দিকে আসছিল। আর কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কোচটি বিপরীত দিক থেকে এসে কাঁঠালবাড়ী বিদ্যাকানন স্কুলের সামনে অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন ৪ জন। তাদের মধ্যে মনিকা মালী নামে শিশুটি হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188842