জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে কড়ই গাছের নিচে বৈদ্যুতিক ট্রান্সমিটার দুর্ঘটনার শঙ্কা
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে প্রাচীন শতবর্ষী কড়ই গাছকে ঘিরে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। গাছটির নিচেই রয়েছে বৈদ্যুতিক ট্রান্সমিটার। কোনো কারণে গাছটি ভেঙে পড়লে কিংবা এর বড় ডালপালা ট্রান্সমিটারের বৈদ্যুতিক তারের উপর পড়লে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে প্রাণহানি ও হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাষ্টার হাসিবুল আলম বলেন,প্রতিদিন প্রতিক্ষণে যাত্রী ও সাধারণ মানুষ চলাচলে ব্যস্ত থাকে। স্টেশন এলাকায় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রাচীন গাছ ও বৈদ্যুতিক ট্রান্সমিটার পাশাপাশি থাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সময় গাছের ডাল ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়লে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অপর দিকে পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম আব্দুর রহমান দৈনিক করতোয়াকে বলেন ওই বিষয়ে কোন অভিযোগ পাইনি । অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে। স্থানীয়দের আশঙ্কা, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো সময় অনাকাক্সিক্ষত দুর্ঘটনা ঘটতে পারে।
এ অবস্থায় যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188841