খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সালমান (২৩) নামে ক্যামেল সিগারেট কোম্পানির এক কর্মী আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
 
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।
 
আহত সালমান নিরালা আবাসিক এলাকার সবুজবাগের বাসিন্দা। তার বাবার নাম জাহাঙ্গীর। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। একপর্যায়ে তারা সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
 
ঘটনার পর সালমানের সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, গুলির কারণ এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188801