কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে আবদুর রহমান (৫) ও মো. জুবায়ের (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।
নিহত আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে এবং জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল আবদুর রহমান ও জুবায়ের। খেলতে গিয়ে একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে তল্লাশি চালালে ২ শিশুর মরদেহ ভেসে ওঠে। পরবর্তীতে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।
লালমাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইফুল ইসলাম বলেন, পানিতে পড়ে ২ শিশুর মৃত্যুর বিষয়টি সঠিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188792