কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রেললাইন পার হচ্ছিলেন বছিরন বেওয়া। এ সময় উলিপুর থেকে ছেড়ে যাওয়া চিলমারী-রমনাগামী একটি লোকাল ট্রেন চলে আসে। ট্রেনটি দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেও রক্ষা পাননি তিনি। ট্রেনের নিচে পড়ে তাঁর একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188765