রাজধানীতে সিপিবির কার্যালয়ে হামলা
রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে কার্যালয়টিতে হামলা চালানোর অভিযোগ এনেছেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন জানান, একদল যুবক আকস্মিকভাবে তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। এ ঘটনার জন্য তিনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেন।
তিনি জানান, সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক এবং পরে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার বলেন, আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপি নেতা। সম্ভবত পল্টন থানা বিএনপি বা তাদের অন্য সহযোগী সংগঠনের লোকজনও থাকতে পারে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দেওয়া হলে তার সমর্থকেরা উল্লাস প্রকাশ করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যক্তি হামলা চালান।
ওসি জানান, হামলাকালীদের মধ্যে কয়েকজন বিএনপির নেতাকর্মী বলে সিপিবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা সেই অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান ওসি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188749