শাহবাগে মহাসমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের, তারিখ ঘোষণা
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৬ অক্টোবর) সংগঠনটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের তথ্যমতে, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাদের এ সংগ্রাম। এ লক্ষ্যে সংগঠনটির নেতাকর্মীরা দেশব্যাপী মার্চ করছেন।
সংগঠনটি জানিয়েছে, ইনসাফ ও আজাদির যে স্বপ্ন নিয়ে শহীদ ওসমান হাদি লড়াই করে গেছেন, সেই স্বপ্নের বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত নতুন বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, বৈষম্য বা বিচারের নামে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না।
দেশের প্রতিটি প্রান্তে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও সব গণহত্যার চূড়ান্ত বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188745