দিনাজপুরে কমছেই না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে কমছেই না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর দিনাজপুরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮৮৯ জন। এদের মধ্যে মারা গেছে ৩ জন। যাদের ২ জনের মৃত্যু হয়েছে চলতি মাসে। আর বর্তমানে দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে ৩৮ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় ডেঙ্গু শনাক্ত হওয়ায় এই রোগে আক্রান্ত রোগী ছড়িয়ে পড়েছে সারাদেশে। এর অংশ হিসেবে দিনাজপুরেও শনাক্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮৮৯ জন।
এদের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪১ জন, দিনাজপুর জেনারেল (সদর) হাসপাতালে ৫২ জন, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ জন, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯০ জন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৮ জন এবং ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৪ জন।
আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৮৪ জন। আর ৩ জন রোগী মারা গেছেন। এরা হচ্ছেন- নিঝুম (১৮), হারুন (৪৮) ও লতা (২২)। এদিকে গত রোববারের দেয়া তথ্য অনুযায়ী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪শ’ জন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি জানান, দিনাজপুরে শনাক্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা সকলেই ঢাকা থেকে আগত। ডেঙ্গু আক্রান্ত রোগীকে কোন মশা কামড়ানোর পর সেই মশা অন্য মানুষকে কামড়ালে তিনিও ডেঙ্গু আক্রান্ত হতে পারেন। এজন্য আক্রান্ত রোগীকে সার্বক্ষণিক মশারীর মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188731