বগুড়ায় সাবেক কাউন্সিলর হিরুর বিরুদ্ধে নির্মাণাধীন বাড়ি দখল চেষ্টার অভিযোগ করে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : অধুনালুপ্ত বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর হিরু ও তার লোকজন এবং একই এলাকার সজল কর্তৃক নির্মাণাধীন বাড়ি দখল চেষ্টা ও হয়রানির অভিযোগে বগুড়ার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) শহরের খান্দার এলাকার রোকসানা খানম এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী ও দেবরের পৈতৃক সূত্রে পাওয়া এবং তার ছেলে-মেয়ের নামে দলিল করা মালগ্রাম মৌজার ১৩ শতাংশ জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেন। এতে নজর পড়ে সাবেক বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু এবং জহুরুল ইসলাম খান সজলের।
তারা বিভিন্নভাবে নির্মাণকাজ বাধাগ্রস্ত করছেন। হিরু সাবেক কাউন্সিলরের প্রভাব খাটিয়ে কোন ব্যক্তিকে বাদি সাজিয়ে তার নামে পৌরসভা থেকে কাজ বন্ধের নোটিশ পাঠান। পরে বিষয়টি জেলা প্রশাসকের কাছে জানালে তৎকালীন পৌর প্রশাসক রাজিয়া সুলতানা কাজ করার নির্দেশ দেন।
এদিকে সজলের দখলীয় পাশের জমিতে তাদের জমি থাকায় সেই জমি যাতে তাকে ছেড়ে দিতে না হয় তার জন্য ভুল বুঝিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয় এবং তাতে লিখে যে-উভয়ে ২ ফুট করে জমি ছেড়ে বাড়ি নির্মাণ করলে কারো কোন আপত্তি থাকবে না।
তার জমির পশ্চিম পাশের জমির মালিক আবুল কাশেমও তাদের সাথে যোগ দেন। এদিকে পৌরসভার লিখিত অনুমতির পর পুনরায় কাজ শুরু করলে গত ১৪ অক্টোবর দুপুরে সজল ও হিরুর নির্দেশে আবুল কাশেম, মুক্তার, সাদ্দাম ১৫/১৬ জন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির কাজ বন্ধ করতে তাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে শুধু অভিযোগ নেয়। ওই প্রভাবশালীদের কারণে থানার ওসি কোন প্রকার পদক্ষেপ নেয়নি। থানা কোন প্রকার কাজ না করায় তিনি অসহায় হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন। প্রতিপক্ষরা সন্ত্রাসী দিয়ে যেকোন সময় তাকে খুন করতে পারে জানিয়ে তিনি এই অত্যাচার, জুলুমের প্রতিকার চেয়ে সবার সহযোগিতা কামনা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188717