নওগাঁর মহাদেবপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা ও দুইজনের কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা ও দুইজনের কারাদণ্ড

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে জরিমানা ও দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন প্রতিষ্ঠানের ৮০ হাজার টাকা ও দুই প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

আজ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে সিপিসি-৩, জয়পুরহাট, এসআরবি-৫ রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিন ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত হাসপাতাল, হোমিও হল ও অন্যান্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত তথ্য অনুসন্ধানে তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে ওই সকল প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ফাতেমা হোমিও হল নামের প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি ও রোগী দেখার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক হোসেনকে(৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে ফাইভ স্টার মেডিকেল সেন্টার নামক প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকায় মালিক মো. বেদারুল ইসলামকে(৫৫) ৫০ হাজার টাকা জরিমানা ও একই এলাকার স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকার অভিযোগে মালিক মো. মাসুম আলীকে(২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188709