ট্রাকচালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী বেলাল হোসেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এসময় সেখানে সাজ্জাদ ও শাহিন নামের আরো দুজন আহত হন। নিহত হোসেনের মা মোসাম্মৎ রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান।
আদালত সূত্রে জানা যায়, এই হত্যা মামলায় শেখ হাসিনাসহ মোট ২০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে-শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুসহ অনেকেই পলাতক রয়েছেন।
অন্যদিকে, জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এছাড়া জামিনে রয়েছেন ১০ জন আসামি। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার মূল কার্যক্রম শুরু হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188652