রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আসামি কারাগারে

রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আসামি কারাগারে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের পর অজ্ঞাত স্থানে আটকে রেখে ভুয়া স্ত্রীর পরিচয়ে ধর্ষণের অভিযোগ মামলায় যুবক উৎসব চন্দ্র বর্মনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত প্রধান আসামি উৎসব চন্দ্র বর্মনকে গ্রেফতার করে আজ রোববার (২৫ অক্টোবর) রংপুর কারাগারে পাঠান আদালতের বিচারক। গ্রেফতার উৎসব চন্দ্র বর্মন কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগিলি গ্রামের সুশিল চন্দ্র বর্মনের ছেলে।

মামলার বরাত দিয়ে থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া অপহৃত মেয়েটি উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুল যাওয়া আসার পথে প্রায় মেয়েটিকে উত্ত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দিতো উৎসব চন্দ্র বর্মন। মেয়েটি স্বজনদের বিষয়টি জানায়। স্বজনরা নিষেধ করলেও মেয়েটিকে উত্ত্যক্ত করতো উৎসব। গত ১২ অক্টোবর সকালে উৎসব চন্দ্র বর্মন স্কুল যাওয়ার পথে মেয়েটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।

পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারী উৎসব চন্দ্র বর্মনের অবস্থান শনাক্ত করে গতকাল শনিবার রাত পৌনে ১২ টায় মেয়েটির স্বজনদের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে পীরগাছার গোবরাপাড়া এলাকায় প্রশান্ত কুমার রায়ের বাড়ি থেকে উৎসব চন্দ্র বর্মনকে আটক করে। এ সময় ওই বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। প্রশান্ত কুমার রায় আটক উৎসব চন্দ্র বর্মনের মাসিতো বোন জামাই।

কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল বলেন, এ ব্যাপারে গত শনিবার রাতে মেয়েটির বাবা বাদি হয়ে ধর্ষণ, অপহরণ ও সহায়তার ধারায় উৎসব চন্দ্র বর্মনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো তিনজনের নামে মামলা দায়ের করেছেন। শারীরিক পরীক্ষার জন্য উদ্ধার মেয়েটিকে ভিকটিম সার্পোট সেন্টারে পাঠানো হয়েছে।

শারীরিক পরীক্ষা শেষে আদালতে মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হবে। অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করে রোববার  রংপুর আদালতে পাঠানো হয়। পরে আসামি উৎসব চন্দ্র বর্মনকে রংপুর কারাগারে পাঠান আদালতের বিচারক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188622