ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের সংলগ্ন পূর্বপাশে উদয় সাগর নামক পুকুরে ঘটনাটি ঘটেছে।

মৃতরা হলো- উপজেলার আমগাঁও গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে রনক সরকার ওরফে ওমর আলী (১৫) ও দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ভরলা গ্রামের আল ইমরানের ছেলে মিরাজুল ইসলাম মিরাজ (১২)।
জানা যায়, মিরাজ গত সপ্তাহে আমগাঁও গ্রামে তার নানা কুদ্দুস সরকারের বাড়িতে বেড়াতে আসে।

গতকাল শনিবার বাড়ির সকলের অগোচরে সন্ধ্যার আগে তার দুইজন মিলে মাছের খাবার দেয়ার কাটা ড্রামের নৌকায় উঠতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। সন্ধ্যায় বাড়িতে তাদের না পেয়ে পরিবারের সদস্য এলাকায় খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে ওই পুকুর পাড়ে রনক সরকারের ব্যবহৃত বাইসাইকেলটি খুঁজে পায়। পরে হরিপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুকুরে তল্লাশি করে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় উক্ত পুকুর থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কোনো অভিযোগ না থাকায় দুই কিশোরের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188616