জয়পুরহাটের পাঁচবিবিতে ৮৯ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
জয়পুরহাট/পাঁচবিবি প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ লাখ ১০ হাজার টাকা।
আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।
বিজিবি জানায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানতে পারে, পাঁচবিবি উপজেলার বিভিন্ন পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে।
এই তথ্যের ভিত্তিতে আজ রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল, পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রথমে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন যথাক্রমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম।
এগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের মূর্তি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188611