দুই সপ্তাহ পর সৌদির রিয়াদ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু

দুই সপ্তাহ পর সৌদির রিয়াদ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহ বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আবারও চালু হয়েছে সৌদি আরবের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সৌদির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। 

এমন পরিস্থিতিতে বিমানবন্দরটিকে এখনো ‘অনিরাপদ’ বলে সতর্ক করেছে গোষ্ঠীটি।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৫ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২ থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।

 এর আগে গত সপ্তাহে বিমানবন্দরটিতে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়েছিল। হুথিদের প্রাণঘাতী হামলায় বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হলো।

তবে হামলার আশঙ্কা এখনো কাটেনি। হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরটিকে এখনো ‘অনিরাপদ’ বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় সব বিমান সংস্থা, তাদের কর্মী এবং যাত্রীদের রিয়াদ বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন তিনি।ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটি অনিরাপদ এবং তাদের বাহিনীর জন্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে বিমানবন্দর চালু হলেও সেখানে ফ্লাইট পরিচালনা ও যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী।

এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তায়েফ ও জাজান অঞ্চলে জারি করা সম্ভাব্য বিপৎসংকেত তুলে নিয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫৩ মিনিটে (জিএমটি সকাল ৯টা ৫৩ মিনিট) মোবাইল ফোনের মাধ্যমে বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছিল।পরে এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং যে কোনো ধরনের জমায়েত ও ছবি তোলা থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদের বিমানবন্দর পুনরায় চালু হওয়া সত্ত্বেও হুথিদের হুমকি এবং রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার বিষয়টি সৌদি আরবের বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188574