পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
স্পোর্টস ডেস্ক : স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে জয়ের দেখা পাওয়া যেন একপ্রকার ভুলেই গিয়েছিল টটেনহাম হটস্পার। দীর্ঘ সেই অপেক্ষার এবার অবসান ঘটাল স্পার্সরা। প্রতিপক্ষের মাঠে লাল কার্ডের সুবিধা এবং নিজেদের নিয়ন্ত্রিত ফুটবলের ধার কাজে লাগিয়ে লন্ডনের ঐতিহ্যবাহী এই ডার্বিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তারা।
শনিবার রাতে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে টটেনহাম। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর, অর্থাৎ ২০১৮ সালের পর স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের মাঠে প্রথম জয়ের স্বাদ পেল স্পার্সরা। স্মরণ করা যেতে পারে, এর আগে তৎকালীন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে সেই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।
এদিন চেলসির হয়ে প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমেছিলেন তরুণ গোলরক্ষক মাইক পেন্ডার্স। এভারটনের বিপক্ষে ম্যাচে এমিলিয়ানো মার্তিনেজের চোয়াল ভাঙার সেই ঘটনার পর একাদশে সুযোগ পান তিনি। তবে অভিষিক্ত এই গোলরক্ষকের দুর্ভাগা এক ভুলই কাল হয়ে দাঁড়ায় দলের জন্য। ম্যাচের ৭৭তম মিনিটে টটেনহামের একটি কর্নার কিক থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে ঘুষি মারতে গিয়ে সেটি নিজের জালেই পাঠিয়ে দেন পেন্ডার্স। আত্মঘাতী এই গোলেই কাক্সিক্ষত ও মূল্যবান লিড পেয়ে যায় সফরকারী টটেনহাম।
এই ধাক্কা সামলে ওঠার আগেই আরো বড় বিপদে পড়ে স্বাগতিকরা। গোল হজমের মাত্র তিন মিনিট পর অর্থাৎ ম্যাচের ৮০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির তারকা মিডফিল্ডার কোল পালমার। এর আগে মাতেউস ফার্নান্দেসকে ধাক্কা দিয়ে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি; পরে কনর গ্যালাঘারের ওপর দেরিতে ট্যাকল করে দ্বিতীয়বার হলুদ কার্ড, অর্থাৎ লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি চেলসি। একজন বেশি থাকার সেই দারুণ সুবিধা কাজে লাগিয়ে ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন ম্যাথিউস তেল। মাঝমাঠের কাছ থেকে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে বল টেনে এগিয়ে গিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে এক জোরালো নিচু শটে চেলসির জাল কাঁপান এই ফরাসি ফরোয়ার্ড।
এই জয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল টটেনহাম। গত সোমবার কোভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে চলতি লিগে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছিল তারা। চেলসির বিপক্ষে এই গুরুত্বপূর্ণ জয়ে পয়েন্ট তালিকায় ১২ নম্বরে উঠে এসেছে স্পার্সরা। অন্যদিকে, ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে চেলসি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188552