ইংলিশ ফুটবলে দ্রুততম হ্যাটট্রিকের নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবলে রচিত হলো নতুন এক ইতিহাস। ম্যাচ শুরুর হিসেব ধরে ইংল্যান্ডের শীর্ষ চার লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের নতুন নজির গড়েছেন কুইন্স পার্ক রেন্জার্সের (কিউপিআর) ফরোয়ার্ড রিচার্ড কোনে। শনিবার (২৪ অক্টোবর) ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচে এই অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন আইভরিকোস্টের এই ফুটবলার।
লফটাস রোডে ম্যাচের শুরু থেকেই সোয়ানসি সিটির রক্ষণভাগকে কাঁপিয়ে দেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড রিচার্ড কোনে। ম্যাচের প্রথম দুই মিনিটের মধ্যেই গোলের খাতা খোলার পর, ৭ মিনিটের মাথায় নিজের ও দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ম্যাচের বয়স ১৫ মিনিট হওয়ার আগেই পেনাল্টি থেকে গোল করে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নশিপ হ্যাটট্রিক। এর মাধ্যমে ২০০৪-০৫ মৌসুমে ইএফএল রিব্র্যান্ডিং এবং রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ডের শীর্ষ চার লিগের ইতিহাসে ম্যাচ শুরুর হিসাব ধরে দ্রুততম হ্যাটট্রিক গড়ার রেকর্ডটি নিজের করে নিলেন কোনে। এর আগে ২০১৫ সালে সাউদাম্পটনের হয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে সাদিও মানের গড়া দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি।
সাদিও মানে সেই ম্যাচে ৩ গোল করতে সময় নিয়েছিলেন ১৬ মিনিট (ম্যাচ শুরুর হিসাব অনুযায়ী)। অবশ্য প্রথম ও তৃতীয় গোলের মধ্যবর্তী সময়ের হিসাব ধরে (টাইম ইল্যাপসড) সাদিও মানের করা ২ মিনিট ৫৬ সেকেন্ডের হ্যাটট্রিকের রেকর্ডটি এখনও অক্ষত রয়েছে। তবে ম্যাচ শুরুর সময় থেকে হিসাব করলে নতুন রাজা এখন রিচার্ড কোনে। পেশাদার ক্যারিয়ারে এটি কোনের দ্বিতীয় এবং চ্যাম্পিয়নশিপ স্তরে প্রথম হ্যাটট্রিক।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে লিগ ওয়ানে পিটারবোরো ইউনাইটেডের বিপক্ষে উইকম্ব ওয়ান্ডারার্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি; সেদিন বেঞ্চ থেকে মাঠে নামার মাত্র ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক সম্পন্ন করেছিলেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের পর ইএফএলে কোনের মোট গোলসংখ্যা এখন দাঁড়াল ৩৪টিতে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188545