আজ চতুর্থ দিনেও সাজেকে সড়ক অবরোধ

আজ চতুর্থ দিনেও সাজেকে সড়ক অবরোধ

মফস্বল ডেস্ক : তিন দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে চতুর্থ দিনের মতো আজ রোববার সাজেকে সড়ক অবরোধ চলছে।

জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকে অবরোধ চলাকালে সাজেক সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। সড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, সাজেকে সৃষ্ট ঘটনা সমাধানের বিষয়ে রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান) ও কারবারিদের (গ্রামপ্রধান) নিয়ে মতবিনিময় সভা চলছে। সভায় অংশ নিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। সৃষ্ট ঘটনার সমাধানে হেডম্যান ও কারবারিদের পরামর্শ নেওয়ার পাশাপাশি করণীয় নিয়ে আলোচনা হচ্ছে বলে সভাসূত্রে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। দু-একটি মোটরসাইকেল চলাচল করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। কোথাও সংঘাতের ঘটনা ঘটেনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188542