প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরে তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আজ রবিবার (২৫ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.২ক্ক উত্তর অক্ষাংশ এবং ৯১.০ক্ক পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ (২৫ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮২০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল।
এতে আরও বলা হয়, নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ (২৫ অক্টোবর) পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188531