মার্কিন যুদ্ধজাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবো না: ইরানের শীর্ষ জেনারেল
আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে মার্কিন সামরিক যুদ্ধজাহাজকে আর কখনোই প্রবেশ করতে দেওয়া হবে না বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের শীর্ষ সামরিক অধিনায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগত এই জলসীমার কাছাকাছি আসার সক্ষমতা মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ মেজর জেনারেল আলী অবদুল্লাহি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক পরাজয়ের কথা উল্লেখ করে এসব মন্তব্য করেন। তিনি বলেন, ওয়াশিংটন তাদের নৌবাহিনীকে মার্কিন ক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিপক্ষগুলোকে হুমকি দিয়ে আসলেও ইরানের সশস্ত্র বাহিনী তাদের সেই নৌশক্তিকে একেবারে অকার্যকর করে দিয়েছে।
জেনারেল অবদুল্লাহি কঠোর ভাষায় বলেন, মার্কিন প্রেসিডেন্টকে আবার পারস্য উপসাগরে তাদের সামরিক বাহিনীর প্রবেশের স্বপ্ন কেবল স্বপ্নেই দেখে যেতে হবে। এই আকাঙ্ক্ষা নিয়ে তাদের কবরে যেতে হবে। কোনো অবস্থাতেই এবং কখনোই মরিচাপড়া কোনো আমেরিকান সামরিক জলযানকে পারস্য উপসাগরে ঢুকতে দেওয়া হবে না।
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বারবার দাবি করে আসছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এই জ্যেষ্ঠ সেনাপ্রধান।
যুক্তরাষ্ট্র একদিকে দাবি করছে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, আবার অন্যদিকে ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে জোর দিচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অবদুল্লাহি বলেন, যদি সবকিছু ধ্বংসই করে দেওয়া হয়ে থাকে, তবে মার্কিন নেতৃত্বের এই ধরণের অর্থহীন ও সাংঘর্ষিক বক্তব্য দেওয়ার কী মানে হতে পারে? মূলত বিশ্ববাসীকে এবং বিশেষ করে মার্কিন জনগণকে বিভ্রান্ত করতেই এ ধরনের অবাস্তব দাবি করা হচ্ছে।
ইরানের সামরিক সক্ষমতা নিঃশেষ হয়ে গেছে বলে ওয়াশিংটনের দাবির তোপ দেগে তিনি প্রশ্ন তোলেন, তাদের সামরিক সক্ষমতা যদি শেষই হয়ে গিয়ে থাকে, তবে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বাহিনী হরমুজ প্রণালী কিংবা ইরানের জল ও স্থল সীমান্তের কাছে আসার সাহস পাচ্ছে না কেন?
তিনি আরও জানান, ইরান সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনগোষ্ঠীকে তাদের নিজেদের তৈরি করা জলাভূমিতে আরও গভীরে ডুবিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘমেয়াদী সংঘাতের মধ্য দিয়ে শত্রুপক্ষকে তিলে তিলে ধ্বংস ও পতনের শেষ সীমায় পৌঁছে দেওয়াই ইরানের মূল কৌশল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188514