বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ রবিনের দূর্দান্ত সেঞ্চুরীতে বড় সংগ্রহের পথে ময়মনসিংহ

বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ রবিনের দূর্দান্ত সেঞ্চুরীতে বড় সংগ্রহের পথে ময়মনসিংহ

স্পোর্টস রিপোর্টার: উদ্বোধনী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের ব্যাটে ভর করে বিশাল সংগ্রহের পথে হাটছে ময়মনসিংহ বিভাগ। রবিনের ১৫৬ রানের হার না মানা ইনিংসের সুবাদে প্রথম দিন শেষে প্রতিপক্ষ চট্রগ্রামের বিপক্ষে ৪ উইকেটে ২৯৯ রান করেছে ময়মনসিংহ বিভাগ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্রগ্রাম বিভাগ। শিশিরে ভেজা ঘাস যুক্ত উইকেটের সুবিধা নিতেই চট্রগ্রাম অধিনায়ক প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠালেও ময়মনসিংহ দলের দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও খালিদ হাসান প্রতিপক্ষ দলের অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দৃঢ়হাতে ব্যাট চালাতে থাকেন।

ময়মনসিংহের স্কোরে জমা হয় ৮৩ রানের মাথায় ব্যক্তিগত ৩৬ রানে খালিদ হাসান আউট হলে প্রথম ধাক্কা খায় ময়মনসিংহ। তবে, ওয়ান ডাউনে মাঠে নেমে আরেক ওপেনার রবিনকে দারুণ সঙ্গ দেন মুনীম শাহরিয়ার। এই জুটি দলকে উপহার দেয় ৯৯ রান। দলীয় ১৮২ রানে মুনীম শাহরিয়ার ব্যক্তিগত ৫৬ রানে সাজঘরে ফিরলেও রবিন ছিলেন অপ্রতিরোধ্য।

প্রতিপক্ষের বোলারদের ইচ্ছেমত পিটিয়ে সেঞ্চুরী তুলে নেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ২২৯ বল খেলে ১৫৬ রানে অপরাজিত আছেন মাহফিজুল ইসলাম রবিন। তার ইনিংসে রয়েছে ১৭টি চার ও একটি ছক্কা। প্রথম দিন শেষে ময়মনসিংহের সংগ্রহ ৪ উইকেটে ২৯৯ রান। রবিনের সাথে ৩ রানে অপরাজিত আছেন রিজান হোসেন। চট্রগ্রামের স্পিনার হাসান মুরাদ একাই নিয়েছেন ৩ উইকেট। মাহমুদুল হাসান জয় নিয়েছেন একটি। আগামীকাল ম্যাচের ২য় দিন।

সংক্ষিপ্ত স্কোর:
ময়মনসিংহ: ১ম ইনিংস, ২৯৯/৪ (মাহফিজুল অপরাজিত ১৫৬, মুনীম শাহরিয়ার ৫৬, খালিদ ৩৬, হাসান মুরাদ ৩/৭৭)

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188499