ওয়েলসকে রুখে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
আজারবাইজানের রাজধানী বাকুতে শনিবার ইউরোপের দলটির বিপক্ষে সমানতালে লড়াই করে গোল হজম করেনি বাংলাদেশের যুবারা। তবে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি কাজে লাগাতে না পারার আক্ষেপ থাকছে তাদের।
অনূর্ধ্ব-১৫ পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশ। টুর্নামেন্টের
ম্যাচগুলো প্রচলিত ৯০ মিনিটের পরিবর্তে ৪০ মিনিট করে খেলা হচ্ছে। প্রতি দলে মাঠে থাকছেন আটজন করে ফুটবলার।
শারীরিক শক্তিতে ওয়েলস এগিয়ে থাকলেও গোলরক্ষক শ্রীনাথ হালদারের দৃঢ়তায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, ‘ওয়েলস ফিজিক্যালি আমাদের চেয়ে শক্তিশালী। আমার লক্ষ্য ছিল ম্যাচটি ক্লিনশিট রাখব। সেটা রাখতে পেরেছি। আশা করি সামনের ম্যাচেও এই ধারাবাহিকতা রাখব।’ তবে দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ আকবর হোসেন রিদন। বাফুফের প্রকাশ করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছিলাম।’
রোববার সকালে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের মুখোমুখি হবে যুবারা। একই দিনে আরও একটি ম্যাচ রয়েছে তাদের। অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার চ্যালেঞ্জের কথা জানিয়ে কোচ বলেন, অনুশীলনের সুযোগ না থাকায় ভিডিও সেশনে ওয়েলসের বিপক্ষে করা ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188427