বগুড়ার শেরপুরে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় মায়ের ওপর অভিমান করে হালিমা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও ওই এলাকার আবদুল হান্নানের মেয়ে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ঘরে বসে মোবাইল ফোন ব্যবহার করছিল স্কুলছাত্রী হালিমা। এসময় তার মা এসে মোবাইল ফোন রেখে পড়ালেখা বা অন্য কাজের কথা বলে বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে সে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে রাত ৯টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188416