নাটোরের সিংড়ায় পৃথক ঘটনায় নারী ও পুরুষের মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পৃথক ঘটনায় গ্যাস ট্যাবলেট খেয়ে আবেজান বেগম (৬১) নামে এক বৃদ্ধা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমল সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবেজান বেগমের মৃত্যু হয়। তিনি উপজেলার ছোট বারইহাটি গ্রামের মোজাহার সরদারের স্ত্রী। অন্যদিকে, আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কমল সরকার। তিনি ওই গ্রামের মৃত গণেশ সরকারের ছেলে।
স্থানীয়রা বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন আবেজান বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে, শনিবার সকাল ৯টার দিকে প্রতিবেশী আলাউদ্দিনের জমিতে কৃষিকাজ করার সময় সেচপাম্পে ব্যবহৃত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কমল সরকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আবেজান বেগমের মৃত্যুর খবর পেয়েছেন। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অন্যদিকে, কমল সরকারের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার বাড়িতে নেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188412