বগুড়ার নন্দীগ্রামে তিন মাদক কারবারিসহ গ্রেফতার ৪, ইয়াবা উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ছাড়া পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার কচুয়া গ্রামের মিন্টু (৩৯), নন্দীগ্রাম উপজেলার মাধবকুড়ি গ্রামের তরিকুল ইসলাম (২৪) এবং দোলা সিংড়া নামাপাড়া গ্রামর গোলজার হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, পৃথক অভিযানে মিন্টুর কাছ থেকে ২৫ পিস, তরিকুল ইসলামের কাছ থেকে ১৯০ পিস এবং গোলজার হোসেনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
এ ছাড়াও পরোয়ানাভুক্ত আসামি নন্দীগ্রাম পৌর এলাকার বেলঘড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তিন মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত এক আসামিকে আজ শুক্রবার (২৩ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188386