জয়পুরহাটের কালাইয়ে তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় সংঘর্ষ : নারীসহ আহত ৫

জয়পুরহাটের কালাইয়ে তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় সংঘর্ষ : নারীসহ আহত ৫

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: কালাইয়ে হিন্দু সম্প্রদায়ের এক তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এক পক্ষের বিরুদ্ধে তাদের বাড়িঘর ভাঙচুর, মারধর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগও উঠেছে। তবে অপর পক্ষ বলছে ভিন্ন কথা, তারা বলছে তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করা হয়েছে।

এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে। ঘটনার পর রাতেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চারজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছে। গুরুতর আহত চিচোরনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, সুবর্ণা রাণী (৪০), মলিনা রানী (৫৫), গোবিন্দ চন্দ্র মালী (৪৫), জয় চন্দ্র মালী (২৫) ও চিচোরন চন্দ্র মালী (৪৬)। এদের মধ্যে একপক্ষে সুবর্ণা রাণী, মলিনা রানী ও গোবিন্দ চন্দ্র মালী অপর পক্ষ জয় চন্দ্র মালী ও চিচোরন চন্দ্র মালী।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী (১৫) নামের এক তরুণীকে দোলন (১৮) নামের এক যুবক শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে সিঁথিতে সিঁদুর দিতে চেয়েছিলেন। ওই বিষয় পল্লবী তার পরিবারকে অবগত করেন। পারিবারিকভাবে বিষয়টি মিমাংসার জন্য বৃহস্পতিবার রাতে মালিপাড়ায় সালিস ডাকা হয়।

সেখানে উভয়পক্ষ আসার পর সালিসে বসে কথা কাটাকাটির  একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তরুণীর পক্ষে তিনজন এবং যুবকের পক্ষে দুই জন আহত হয়। রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেননি।

এ ঘটনায় অভিযুক্ত যুবক দোলন বলেন, পল্লবীর সিঁথিতে সিঁদুর দিতে চেয়েছি মাত্র, দেয়নি তো আর। এর জন্য পল্লবীর বাবা-মা অন্য লোকজনকে নিয়ে তিনজনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। একজনের পায়ের রগ কেটে দিয়েছে, আরও একজনকে মারপিট করে আহত করেছে। হামলার সময় বাড়ি-ঘর থেকে টাকা ও স্বর্ণালংকারসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলা করা হবে।

তবে তরুণী পল্লবীর বাবা শক্রু ঘন মালী বলেন, মিমাংসার জন্য সালিস বসে। কথা শুরু হওয়ার একপর্যায়ে দুইপক্ষ ত্বর্কে জড়ালে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে তাদের পক্ষের তিনজন আহত হয়। একজনের অবস্থা ভাল না। একটু সুস্থ্য হলেই থানায় মামলা করা হবে।

পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম জানান, বিজয়া দশমীর দিন মালিপাড়ায় পল্লবী নামে এক তরুণীর সিঁথিতে সিঁদুর পড়িয়ে দিতে চায় একই এলাকার দোলন নামের এক যুবক। ঘটনাটি ওই তরুণী তর পরিবারের সদস্যদের জানালে গতকাল বৃহস্পতিবার রাতে এ নিয়ে দুপক্ষ সালিশে বসে। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ ঘটনায় দুপক্ষের লোকজন আহত হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আমরা ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188372