দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে: আইজিপি

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে: আইজিপি

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (২৩ অক্টোবর) পুলিশ সদস্যদের প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ‘দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নিরাপদে-নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেছেন। আপনাদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টায় পূজার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতা বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। আমি বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’

নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানিয়ে আলী হোসেন ফকির বলেন, ‘ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে আপনারা পেশাদারত্ব, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করবেন বলে আমার দৃঢ় প্রতীতি। আপনাদের সবার সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি।’

একই সঙ্গে পুলিশের কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমের অনন্য ভূমিকার জন্য সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান আইজিপি। তার প্রত্যাশা, ভবিষ্যতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188371