বগুড়ার ধুনটে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ

বগুড়ার ধুনটে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের হামলা থেকে স্বামীকে রক্ষা করার সময় পেটে লাথি মেরে মেরিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর গর্ভের সন্তান হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী কৃষক শাহ আলী ফকির বাদি হয়ে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কৃষক শাহ আলী ফকির উপজেলার দিদারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের হবিবর রহমানের ছেলে মজনু মিয়ার (৪৭) বিরুদ্ধে প্রতিবেশী এক পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে প্রতিবেশীদের মাঝে নানা গুঞ্জন শুরু হয়।

এদিকে মজনু মিয়া বিষয়টি গুজব বলে দাবি করেন এবং এই গুজব ছড়ানোর জন্য প্রতিবেশী শাহ আলীকে দায়ী করা হয়। এ ঘটনা নিয়ে ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে মজনু মিয়া ক্ষুব্ধ হয়ে শাহ আলীকে গালিগালাজ করার এক পর্যায়ে তার প্রতিবাদ করায় শাহ আলীর ওপর হামলা চালায় মজনু মিয়া ও তার লোকজন। তখন স্বামীকে রক্ষার করতে ঘটনাস্থলে পৌছেন তিন মাসের অন্তঃসত্ত্বা মেরিনা খাতুন।

এ সময় হামলাকারীরা মেরিনা খাতুনের পেটে লাথি মেরে আহত করে। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেরিনা খাতুনের গর্ভ থেকে মৃত সন্তান প্রসব হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহ আলী ফকির বাদি হয়ে মজনু মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে মজনু মিয়া ও তার লোকজন আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188343