গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় এসআইসহ নিহত ২, আহত ২
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের নিয়মিত টহলের সময় কাভার্ড ভ্যানের চাপায় এক উপপরিদর্শক (এসআই) ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। তাদের মধ্যে এসআই জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআইয়ের নাম মিজানুর রহমান (৩০)। তিনি কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। নিহত পথচারী রফিক ইসলাম (৪৫) কালীগঞ্জের তুমুলিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম ওয়াজ উদ্দিন মোল্লা।
আহত অপর পুলিশ সদস্য হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও কনস্টেবল রাব্বি (২৮)। রাব্বি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালীগঞ্জ থানা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। ভোর সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও কনস্টেবল রাব্বি।
এ সময় ঘোড়াশালগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটি এসআই মিজানুর রহমানকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়।
খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। ভোর ৩টা ৫০ মিনিটে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মিজানুর রহমানের মৃত্যু হয়। জাবেদ ওমর সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পুলিশের নিয়মিত টহল দলকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর এক এসআই ও এক পথচারীর মৃত্যু হয়।
পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি শনাক্ত এবং এর চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188320