মাগুরায় মদপানে দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানে দুই যুবকের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার মকর দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর এবং গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।  

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে অ্যালকোহলযুক্ত মদপান করেন আলমগীর ও বিধান। মদপানের পর তারা দুজনই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে বন্ধুরা আলমগীরকে অসুস্থ অবস্থায় তার বাড়িতে পৌঁছে দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ভোররাতে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বিধান বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরে স্বজনরা তাকেও মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া সাহা বলেন, ‘দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে বিধান বন্ধুদের সঙ্গে মদপান করেছিল। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোররাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই ঘটনায় তার বন্ধু আলমগীরকেও হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, ‘হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া জানান, বিষাক্ত বা অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188315