বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। আটককৃতরা অনশন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা অনশন কর্মসূচি শুরু করেন। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন- এমন অভিযোগ ওঠে। পরে ঢাবি প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের অনশনরতদের মধ্য থেকে চারজনকে আটক করে।

তারা হলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, বাকৃবির একই হলের ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাবির অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকরাম গাজী হৃদয়সহ আরও একজন।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন বলেন, ঢাবি প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আমরা সেখানে যাই। আটক চারজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম জানিয়েছে, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বর্তমানে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188304