বগুড়ায় ডিজিটাল ওয়ালেট অ্যাপস ব্যবহার করে প্রতারণা, মুলহোতাসহ গ্রেফতার- ৩

বগুড়ায় ডিজিটাল ওয়ালেট অ্যাপস ব্যবহার করে প্রতারণা, মুলহোতাসহ গ্রেফতার- ৩

স্টাফ রিপোর্টার : ডিজিটাল ওয়ালেট অ্যাপস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আইন বহির্ভূত ই-ট্রানজেকশন করার অভিযোগে মুলহোতাসহ ৩ জনকে গ্রেফতারসহ ওই  অপরাধ কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল বাহার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি প্রতারক চক্র বেশ কিছুদিন আগে থেকে অনলাইন প্লাটফর্মে একটি অ্যাপস খুলে উক্ত অ্যাপ্সে একাউন্ট খোলার কথা বলে একটা নির্দিষ্ট পরিমাণ  এমাউন্ট নিয়ে ওই অ্যাপসে একাউন্ট খুলে দিত। পরবর্তীসময়ে ওই একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণের বড় অংকের টাকা ডিপোজিট করার মাধ্যমে আর্থিকভাবে লাভবানের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা সংগ্রহ করে অবৈধ ইলেকট্রনিক্স ট্রানজেকশ করে আসছিল।

পরে এই সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,পিপিএম এর নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে  ডিবির একটি  টিম বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪ টার দিকে বগুড়া মহানগরের কলোনী এলাকায় আইআইটিবির মেইন গেটের সামনে সাতমাথা টু বনানীগামী পাকা রাস্তার পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাইবার অপরাধ ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সাথে জড়িত প্রতারক চক্রের মূল হোতা  মোঃ নাজিম উদ্দিন (৪২) ও তার দুই সহযোগী ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১)কে গ্রেফতার করে। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে  অবৈধ অ্যাপস Binance, Cross Market, Platin Passport, Abrix তে ট্রানজেকশন থাকায় এবং একাধিক জিমেইল আইডি থাকায় উল্লেখিত ৪টি  মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড   জব্দ করা হয়।

ডিবির ওসি আরো জানান, ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবৎ ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে এবং প্রতারণার মাধ্যমে  অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আইন বহিভূর্ত বা অবৈধ ই-ট্রানজেকশন (Digital Transactions) করে অর্থ লেনদেন করে আসছিল । ধৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে।

ধৃত নাজিম উদ্দিন বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মোঃ মনির উদ্দিনের ছেলে। এছাড়া তার সহযোগী  ওবায়দুর রহমান (৪০) একই উপজেলার ফুলকোর্ট পশ্চিমপাড়ার দবির উদ্দিন প্রামাণিকের ছেলে ও  নুরুল ইসলাম (৪১) সদরের হাজরাদিঘী উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার প্রামাণিকের ছেলে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188297