সোহরাওয়ার্দী হাসপাতালে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

সোহরাওয়ার্দী হাসপাতালে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর সন্দেহ করেন। তারা তার হাসপাতালে আসার কারণ জানতে চান।

তবে সন্তোষজনক উত্তর না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়।
 
এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলম শেখের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, আঙুলের ছাপের মাধ্যমে আলম শেখের পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মস্তিষ্কে স্ট্রোকেও আক্রান্ত ছিলেন।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ বুঝে নিতে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188274