রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রংপুর প্রতিনিধি : রংপুরে স্ত্রী শান্তনা রানীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে রতন চন্দ্র সরকার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। বৃহস্পতিবার রাতে রংপুরের পাগলাপীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রতন চন্দ্র সরকার রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া হাজীপাড়া এলাকার মিথুন চন্দ্র সরকারের ছেলে।
এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা মুহম্মদ মনিরুজ্জামান জানান, ২০২৫ সালের ২১ জুলাই গঙ্গাচড়া মডেল থানা পুলিশ শান্তনা রানীর মৃত্যুর খবর পায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরদিন গঙ্গাচড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।
তিনি জানান, ২০২৬ সালের ৩ জুলাই রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত-সংক্রান্ত মতামতে শান্তনা রানীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করেন। পরে নিহতের বাবা মামলা করতে রাজি না হওয়ায় গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসাহাক আলী বাদী হয়ে গত ১৫ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি জানায়, যৌতুকের দাবিতে রতন চন্দ্র সরকার বিভিন্ন সময়ে তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে শান্তনা রানীকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হত্যা মামলার আসামিকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর রংপুর সদর দপ্তরের সদস্যরা পাগলাপীর বাজার এলাকায় অভিযান চালিয়ে রতন চন্দ্র সরকারকে গ্রেফতার করেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188270