মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাগেরহাটের মোংলা নৌঘাটিতে (বাানৌজা) পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।
এর আগে, এদিন সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
সুন্দরবন পরিদর্শন শেষে বেলা সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলায় আসেন। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। এসময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ড রুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন তিনি।
পরে বিকাল ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় জেটিতে পৌঁছে সেটি পরিদর্শন করবেন। এরপর বিকাল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকাল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সফর শেষে বিকাল ৪টায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকাল ৫টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188262