বগুড়ায় ৯ মাসে ৬০ হত্যাকান্ড, জমি নিয়ে বিরোধে খুন হয়েছে বেশি
স্টাফ রিপোর্টার : বগুড়ার গ্রামে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এবং মহানগরে আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। চলতি বছরের ৯ মাসে বগুড়া জেলার ১৩টি উপজেলায় ৬০ জন খুন হয়েছেন। এরমধ্যে অধিকাংশই জমি নিয়ে বিরোধে ও ব্যক্তিগত দ্বন্দ্বে খুন হন। হত্যা মামলার তদন্তকারী একাধিক পুলিশ কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।
জেলা পুলিশের দেয়া তথ্যমতে চলতি বছর ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৬০ জন খুন হন। এরমধ্যে কয়েকজন নারীও খুনের শিকার হয়েছেন। জানুয়ারিতে ৪ জন,ফেব্রুয়ারিতে ৬ জন,মার্চে ১০ জন, এপ্রিলে ১০ জন,মে মাসে ৯ জন, জুনে ৪ জন, জুলাই মাসে ৬ জন, আগষ্টে ৭ জন ও সেপ্টেম্বর মাসে ৪ জন খুন হয়েছেন। জেলার ১৩টি উপজেলার মধ্যে সদরে ৯ মাসে ১৩ জন হত্যাকান্ডের শিকার হয়েছেন।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মুহা. রায়হান বলেন, জমি জমা নিয়ে বিরোধ, পরকীয়া, আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব ও তুচ্ছ ঘটনাসহ নানা কারণে বগুড়ায় হত্যার ঘটনা ঘটছে। তিনি বলেন, মহানগরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বে বেশি আর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের কারণে বেশি মানুষ খুন হচ্ছে। তবে পুলিশ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও হত্যাকান্ডের উন্মোচিত করতে সক্ষম হচ্ছে।
একাধিক পুলিশ কর্মকর্তা বলছেন, বিগত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে খুনের ঘটনা ঘটে আসছে বগুড়ায়। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এ ছাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও খুনের ঘটনা ঘটছে। যে ঘটনায় একটি চড় মারারও প্রয়োজন নেই, সেই ঘটনায় মানুষকে খুন করা হচ্ছে।
এ ছাড়া মহানগরে যারা খুন হচ্ছে তাদের অনেকেই একাধিক মামলার আসামিও রয়েছে। খুনের মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান আছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188214