শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
শিক্ষকতা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিদের একই সঙ্গে সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশায় যুক্ত ব্যক্তিদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তাই সাংবাদিকদের পেশাগত নীতিমালা ও আচরণবিধি অনুসরণ করা জরুরি।
শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা সরকারের কাছ থেকে বেতন পান। ফলে শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হওয়া বা সাংবাদিকতা করার সুযোগ নেই। সাংবাদিকতা কেবল পদবি কিংবা পরিচয়পত্রের মাধ্যমে নির্ধারিত হয় না; এর সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলার বিষয়ও জড়িত।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ অন্য পেশায় থেকেও সাংবাদিকতার পরিচয় দিচ্ছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের ব্যক্তিগত স্বার্থ, পেশাগত সুবিধা কিংবা ব্যবসায়িক বিবেচনার ঊর্ধ্বে থাকতে হবে। তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করা অপরিহার্য। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188212