অক্টোবরেই ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বাগড়া দেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শুরুর দিকে ইরানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে এই সংঘাত শুরু করতে সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ অক্টোবরের সপ্তাহান্তে ইরানের পারমাণবিক স্থাপনা, শাসক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ দফতর এবং জ্বালানি কেন্দ্রসহ সাধারণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত ছিল ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো জানিয়েছে, আগামী ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু না করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এই পরিকল্পিত হামলাগুলো যদি বাস্তবায়িত হতো, তবে তা গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরাইলি বাহিনীর পরিচালিত যৌথ হামলার চেয়েও অনেক বেশি শক্তিশালী ও তীব্র হতো।
ইসরাইলের এই সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দিত কি না-তা স্পষ্ট নয়। তবে এক সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে পুনরায় এই হামলা শুরু হওয়ার বিষয়টি একেবারেই ‘অযৌক্তিক কোনও দৃশ্যপট বা অনুমান নয়’। অতীতে যেসব বেসামরিক অবকাঠামো স্পর্শ করা হয়নি, সেগুলোকেও অন্তর্ভুক্ত করে ইসরাইল এবার তাদের হামলার লক্ষ্যের নতুন তালিকা প্রস্তুত করেছে। চলতি মাসের শুরুতে আইডিএফ-এর পরিকল্পিত হামলার এই উদ্যোগ আলোচনার একটি কৌশল বা কৌশলগত চালও হতে পারে। তবে যুদ্ধ বা লড়াই পুনরায় শুরু করার যেকোনও সিদ্ধান্ত মূলত ট্রাম্পের ওপরই নির্ভর করছে। বিষয়টি নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি গোপনে ইসরাইল সফর করেন এবং ‘অঞ্চলের হুমকি’ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তার ওই গোপন সফরের ঠিক দুদিনের মাথায় এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পেলো। তবে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর হামলা চালানোর জন্য চাপ দেওয়ার খবর প্রকাশ্যে আসার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৯ অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে কোনও হামলা চালাবে না।
ট্রাম্পের এই বক্তব্যের কয়েকদিন আগেই খবর বেরিয়েছিল, আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তার মার্কিন সমকক্ষদের জানিয়েছেন-এ ধরনের হামলার কারণে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরাইলের জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে। জেরুজালেমের অনুমান, মার্কিন হামলা হলে ইরান ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণের মাধ্যমে এর জবাব দিতে পারে।
ইসরাইলের চ্যানেল ১২ গত সপ্তাহে জানিয়েছিল, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন যাতে আগামী ২৭ অক্টোবর ইসরাইলের নির্বাচন এবং ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ জোরদার করা হয়। সূত্র : টাইমস অব ইসরাইল ও ফাইন্যান্সিয়াল টাইমস
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188181