বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড, বিক্রেতার বিরুদ্ধে মামলা

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড, বিক্রেতার বিরুদ্ধে মামলা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী ইনতাজ প্রামানিক (৬০) কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়াও মাদক বিক্রেতা আলতাফ হোসেন (৬৪) এর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

জানা গেছে, ঘটনার দিন গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া-খ সান্তাহার সার্কেল এর পরিদর্শক সামসুল আলম এর নেতত্বে একটি অভিযানিক টিম পৌরসভার শহরতলা এলাকায় হোমিওপ্যাথির দোকানে অভিযান চালান।

এ সময় হোমিওপ্যাথি দোকানের আড়ালে রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) বিক্রির অভিযোগে দোকান মালিক তালোড়া নলঘরিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ঐ দিন রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাদি হয়ে নিয়মিত মামলা করেছেন।

এছাড়াও দোকানে রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) সেবনকালে বড়ধাপ এলাকার মৃত সাহেব প্রামানিকের ছেলে ইনতাজ প্রামানিককে ভ্রাম্যমাণ আদালত ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহামন মামলা গ্রহণসহ কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিকে গতকাল সোমবার রাতেই বগুড়া জেল হাজতে এবং গ্রেফতারকৃত আসামি আলতাফ হোসেনকে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188097