বগুড়ার আদমদীঘিতে সাইবার মামলায় যুবলীগ নেতা গোলজার গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে সাইবার মামলায় যুবলীগ নেতা গোলজার গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে সান্তাহার ঢাকাপট্রি এলাকার মৃত ফজলুল হকের ছেলে। গত ১৯ আগস্ট দিবাগত রাতে তাকে ঢাকাপট্রি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেফতার করে। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়।

এ মামলায় যুবলীগের নেতা গোলজার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।  আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত গোলজার হোসেনকে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188088